Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মাত্র ১৮ বছর বয়সেই ইতিহাস তৈরি করলেন কাম্যা কার্তিকেয়ন। দক্ষিণ মেরুতে স্কি করে পৌঁছনো সর্বকনিষ্ঠ ভারতীয় এবং বিশ্বে দ্বিতীয় সর্বকনিষ্ঠ মহিলা অভিযাত্রী কাম্যা(Kamya Kartikeyan)। ভয়াবহ প্রতিকূলতা পেরিয়ে ২৭ ডিসেম্বর তিনি দক্ষিণ মেরুতে পৌঁছান।
পায়ে হেঁটে ১১৫ কিলোমিটার (Kamya Kartikeyan)
প্রায় ১১৫ কিলোমিটার পথ তিনি পায়ে হেঁটে অতিক্রম করেন, সঙ্গে টেনে নিয়ে যান প্রয়োজনীয় সব সরঞ্জামভর্তি একটি স্লেজ। মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তীব্র ঝোড়ো হাওয়া ও বরফঝড়ের মধ্যেও দমে যাননি এই তরুণ অভিযাত্রী।
ভারতীয় নৌবাহিনীর অভিনন্দন (Kamya Kartikeyan)
কাম্যা কার্তিকেয়ন ভারতীয় নৌবাহিনীর অফিসার কমান্ডার এস কার্তিকেয়ন এবং শিক্ষাবিদ লাবণ্য কার্তিকেয়নের কন্যা। তাঁর এই কৃতিত্বের জন্য ভারতীয় নৌবাহিনী সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছে। নৌবাহিনীর পোস্টে বলা হয়, ৮৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে তিনি দক্ষিণ মেরুতে পৌঁছেছেন।
“সেভেন সামিটস চ্যালেঞ্জ” পূরণ (Kamya Kartikeyan)
নেভি চিলড্রেন স্কুলের প্রাক্তনী কাম্যা আগেই “সেভেন সামিটস চ্যালেঞ্জ” সম্পূর্ণ করেছেন। ২০২৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নেপাল দিক থেকে মাউন্ট এভারেস্ট জয়ের মাধ্যমে তিনি সর্বকনিষ্ঠ ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ নারী হিসেবে ইতিহাস গড়েন। একই বছরে তিনি অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসনও জয় করেন।

এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যামের পথে (Kamya Kartikeyan)
এর আগে ২০২২ সালে মাউন্ট ডেনালি, ২০২০ সালে অ্যাকনকাগুয়া, ২০১৮ সালে মাউন্ট এলব্রুসে স্কি ডিসেন্ট, ২০১৭ সালে কিলিমাঞ্জারো এবং ২০১৮ সালে মাউন্ট কোসিয়াস্কো জয় করেন কাম্যা। তিনি এখন “এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যাম” সম্পূর্ণ করার পথে, যেখানে সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় এবং উত্তর ও দক্ষিণ দু’টি মেরুতেই স্কি করে পৌঁছনো অন্তর্ভুক্ত। ২০২১ সালে তিনি পান প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। দক্ষিণ মেরু জয়ের পর এবার তাঁর লক্ষ্য একটাই উত্তর মেরু।



