Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাঠের হিরো থেকে এবার পর্দার নায়ক! নতুন ভূমিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফুটবল কেরিয়ারে তাঁর একের পর এক সাফল্য। এবার সেই ফুটবল থেকে বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন পর্তুগিজ তারকা সিআর সেভেন। তিনি থাকবেন আর ফুটবল থাকবে না, তা আবার হয় নাকি! সিনেমার পর্দাতেও তাঁর সঙ্গে থাকছে ফুটবল। ফুটবল এজেন্টের জীবন ও আধুনিক ফুটবলের অন্দরমহল নিয়ে তৈরি হতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘ডে ওয়ানস’।
সিরিজের বৈশিষ্ট্যসমূহ (Cristiano Ronaldo)
এই সিরিজে কার্যনির্বাহী প্রযোজকের দায়িত্ব পালনের পাশাপাশি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয়ও করবেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। সিরিজে এক এজেন্টের মূল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় সিরিজ ‘হোমল্যান্ড’ খ্যাত অভিনেতা ডামিয়ান লুইসকে। এছাড়াও এই প্রজেক্টে থাকছেন ফ্রান্সের প্রাক্তন ফুটবল তারকা থিয়েরি অঁরি। আধুনিক ফুটবলের পিছনের গল্প, একজন ফুটবলার ও এজেন্টের জীবন, বাজারের চাহিদা এবং বিভিন্ন ক্লাবের অন্দরমহলের নানা অজানা দিক তুলে ধরা হবে এই সিরিজে। রোনাল্ডোর সঙ্গে এই সিরিজের সহ প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে হলিউড পরিচালক ম্যাথু ভনের প্রতিষ্ঠিত ইউআর-মার্ভ স্টুডিওস। যারা বিখ্যাত ‘কিংসম্যান’ সিনেমাটি প্রযোজনা করেছিল।

শুটিং ও ভবিষ্যৎ পরিকল্পনা (Cristiano Ronaldo)
ইতিমধ্যেই উত্তর-পশ্চিম লন্ডনের বার্নেট এফসির স্টেডিয়াম ‘দ্য হাইভ’-এ এই সিরিজের শুটিং শুরু হয়ে গেছে। নতুন এই অভিযাত্রায় উচ্ছ্বসিত আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন, এটি তাঁর জীবনের এক নতুন অধ্যায় এবং ফুটবলের পাশাপাশি বিনোদন জগতেও কিছু করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।
আরও পড়ুন: Mohammedan Sporting: ডুরান্ডে নামার আগেই খুশির হাওয়া মহামেডানে
ওটিটি প্ল্যাটফর্ম (Cristiano Ronaldo)
সিরিজে রোনাল্ডো এবং থিয়েরি অঁরির মতো তারকারা থাকায় এর সম্প্রচারস্বত্ব অর্জনের জন্য বিশ্বের বড় বড় ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে ইতিমধ্যেই কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছে। এর আগে ভিন ডিজেলের একটি ছবি ঘিরে রোনাল্ডোর ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে অভিনয় করার জল্পনা তৈরি হলেও সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য মেলেনি। তবে তার আগেই এই নতুন চমক নিয়ে হাজির হলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।



