Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুর কারুর জেলায় ঘটল ভয়াবহ দুর্ঘটনা (Tamil Nadu)। শনিবার এক রাজনৈতিক জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল বহু মানুষের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। মৃতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন। আহত অবস্থায় শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন থাকায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা! (Tamil Nadu)
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত জনসভার অনুমতি নেওয়া হয়েছিল। আগাম বার্তা ছিল, দুপুর সাড়ে ১২টার দিকে নেতা মঞ্চে আসবেন। কিন্তু সকাল ১১টা থেকেই অনুগামীদের ঢল নামতে শুরু করে। জনসভায় প্রায় ৩০ হাজার মানুষের ভিড় জমেছিল।
তবে প্রত্যাশিত সময়ের চেয়ে প্রায় ছয় ঘণ্টা দেরিতে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সভাস্থলে পৌঁছন তিনি। দীর্ঘ প্রতীক্ষা ও অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেরই মাথা ঘোরে, হুড়োহুড়ি শুরু হয়। সেই আতঙ্কেই ঘটে পদপিষ্টের ঘটনা।
মৃত্যু ও আহতদের সংখ্যা (Tamil Nadu)
পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে অন্তত নয়জন শিশু ও ১৭ জন মহিলা রয়েছেন। এ ছাড়া বহু মানুষ গুরুতর আহত। কারুর হাসপাতাল ও আশপাশের স্বাস্থ্যকেন্দ্র ভর্তি হয়ে গিয়েছে আহত মানুষে। পুলিশ আধিকারিক ডেভিডসন দেবাশির্বথম জানিয়েছেন, রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসনের প্রতিক্রিয়া (Tamil Nadu)
দুর্ঘটনার খবর ছড়াতেই রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন গভীর শোকপ্রকাশ করে জানান, প্রতিটি মৃতের পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা আর্থিক সাহায্য।
এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক কেন্দ্রীয় নেতাও উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন।

ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে প্রশ্ন (Tamil Nadu)
পুলিশের তরফে জানানো হয়েছে, এত বড় জনসমাবেশ নিয়ন্ত্রণে তাদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। অনুমতির সময়সীমা পার হয়ে রাত পর্যন্ত অনুষ্ঠান চলা এবং অতিরিক্ত ভিড় সামলাতে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ উঠছে ইতিমধ্যেই। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র সমালোচনা।
আরও পড়ুন: Scam Durga Puja VIP Passes: ভুয়ো পুজো পাস কিনে কি বিপদে পড়ছেন আপনি?

আশঙ্কা আরও বাড়ছে
কারুর হাসপাতালের সূত্রে খবর, একাধিক গুরুতর আহতের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।
কারুরের পদপিষ্টের ঘটনাটি গোটা তামিলনাড়ুকে নাড়িয়ে দিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একটি রাজনৈতিক জনসভা এভাবে মৃত্যুমিছিলে পরিণত হওয়া নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল। ভিড়ের আবেগ, সংগঠনের ব্যর্থতা আর প্রশাসনিক ত্রুটির মিশ্রণে তৈরি হল এক মর্মান্তিক ঘটনা, যা রাজ্যজুড়ে গভীর শোকের আবহ তৈরি করেছে।



