Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাঁকুড়ার রাইপুর থানার অন্তর্গত মটগোদা গ্রামে সমবায় সমিতির একটি গুদাম থেকে স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ সেলাই মেশিন এবং প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পোশাক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ধার অভিযানে গেলে পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়ার অভিযোগ ওঠে একদল যুবকের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শেষ পর্যন্ত গুদাম খুলে একাধিক সরকারি সামগ্রী উদ্ধার করে পুলিশ (Bankura)।

গুদাম থেকে উদ্ধার একাধিক সরকারি সামগ্রী (Bankura)
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাইপুর ব্লকের মটগোদা গ্রামের মটগোদা সবুজসাথী বহুমুখী প্রাথমিক মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেড-এর গুদামে দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের আওতায় আসা বিভিন্ন সামগ্রী মজুত করে রাখা হয়েছিল।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে (Bankura)
৯টি সেলাই মেশিন, ১টি আলমারি, প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বরাদ্দ ৩ বস্তা পোশাক, অন্যান্য সরকারি সামগ্রী, পুলিশ সমস্ত সামগ্রী উদ্ধার করে তদন্তের স্বার্থে রাইপুর থানায় নিয়ে যায়। উদ্ধার অভিযানে বাধা, পুলিশের দিকে ইট-পাটকেল ছোঁড়ার অভিযোগ, অভিযান চলাকালীন আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, একদল যুবক পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযানে সফল হয়। পরে অভিযুক্তদের এলাকা থেকে সরিয়ে দিয়ে গুদামের তালা খুলে সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।
দীর্ঘদিনের অভিযোগ ছিল স্বনির্ভর গোষ্ঠীগুলির
স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের অভিযোগ, সরকার থেকে তাঁদের জন্য বরাদ্দ হওয়া সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রী কখনও তাঁদের হাতে পৌঁছায়নি। বরং দীর্ঘদিন ধরে সেগুলি সমবায়ের গুদামে মজুত করে রাখা হয়েছিল। তাঁদের দাবি, বিষয়টি নিয়ে বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এতদিন কোনও পদক্ষেপ করা হয়নি। সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা শুরু হয় এবং তদন্তের অংশ হিসেবেই এদিন গুদামে অভিযান চালানো হয়।

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ (Bankura)
শুধু সরকারি সামগ্রী আটকে রাখাই নয়, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের আরও গুরুতর অভিযোগ, সংঘের কর্মকর্তা বর্নালী দে অবৈধভাবে সমবায় পরিচালনা করেছেন এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের বঞ্চিত করার পাশাপাশি তাঁদের কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম ও আত্মসাতের ঘটনাও ঘটেছে। অভিযোগকারীদের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সমস্ত সরকারি প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীদের হাতে দ্রুত সামগ্রী তুলে দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।
সমস্ত অভিযোগ অস্বীকার বর্নালী দে-র (Bankura)
যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত সংঘ নেত্রী বর্নালী দে। তাঁর দাবি, উদ্ধার হওয়া সেলাই মেশিনগুলি কোনও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের দেওয়ার জন্য আনা হয়নি। তাঁর বক্তব্য, সম্প্রতি ব্লক প্রশাসনের নির্দেশে মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে ভাড়ায় কয়েকটি সেলাই মেশিন আনা হয়েছিল সমবায়ের কার্যালয়ে। সেই কারণেই সেগুলি সেখানে রাখা ছিল। এছাড়াও কোটি কোটি টাকা আত্মসাৎ-সহ অন্যান্য সমস্ত অভিযোগকেও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: Pakistan Earthquake: পাকিস্তানে ৫.৪ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক ছড়াল একাধিক এলাকায়
তদন্তে প্রশাসন, নজরে রাজনৈতিক মহল
ঘটনার পর থেকেই গোটা বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঁকুড়া জেলায়। সরকারি প্রকল্পের সামগ্রী দীর্ঘদিন গুদামে কেন পড়ে ছিল, কার নির্দেশে তা বিতরণ করা হয়নি এবং আর্থিক অনিয়মের অভিযোগের সত্যতা কতটা—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।



