Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেবযানী সরকার: তীর্থযাত্রার ইচ্ছা রয়েছে, কিন্তু (Char Dham) আর্থিক সামর্থ্য কিংবা শারীরিক সীমাবদ্ধতার কারণে অনেকেরই চার ধাম দর্শন অধরা থেকে যায়। এবার তাঁদের সেই স্বপ্নপূরণের উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। বাংলার বাসিন্দাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চার ধাম যাত্রার ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
রাজ্য সরকারের উদ্যোগ (Char Dham)
উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের চার পবিত্র (Char Dham) তীর্থক্ষেত্র—কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। এই চার ধাম দর্শনের সুযোগই এবার রাজ্য সরকারের উদ্যোগে করে দেওয়ার পরিকল্পনা। সূত্রের খবর, ২০২৭ সাল থেকে এই কর্মসূচি চালু করার সম্ভাবনা রয়েছে। মূলত প্রবীণ নাগরিক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে।
তবে চার ধাম যাত্রা (Char Dham) শুধু ধর্মীয় আবেগের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শারীরিক সক্ষমতার প্রশ্নও। দুর্গম পাহাড়ি পথ, প্রতিকূল আবহাওয়া এবং দীর্ঘ যাত্রাপথ—সব মিলিয়ে এই তীর্থযাত্রা যথেষ্ট কঠিন। সাধারণত এপ্রিল-মে মাস থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত চার ধামের মন্দিরগুলি খোলা থাকে। শীতের তীব্রতা ও তুষারপাতের কারণে বছরের বাকি সময় বন্ধ থাকে মন্দিরগুলি।
তথ্য ও সংস্কৃতি দফতর ও পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানিয়েছেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চারধাম যাত্রা সরকারের পক্ষ থেকে পরিকল্পনা চলছে। যারা যেতে চান, তাদেরকে সুযোগ দেওয়া হবে। আমারও খুবই ইচ্ছে চারধাম যাওয়া… বহু বছর ধরে ইচ্ছে, কিন্তু বাবা না ডাকলে হয় না, বাবা ডাকলেই আমরা যেতে পারব। আর যাদেরকে ডাক দিয়েছেন, তাদেরকে পাঠানোর ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে। মানে সবাই না, চারধাম যাত্রা তো ভাবতেই পারছেন, সবাই যেতে পারে না… একটু যাদের মানসিকভাবে, শারীরিকভাবে খুবই একটু প্রবল আছেন, তারা যেতে পারবে।”
চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর ও পর্যটন দফতরের উদ্যোগে প্রায় ১১০০ তীর্থযাত্রীকে বিনামূল্যে সোমনাথ মন্দির দর্শনের সুযোগ করে দেওয়া হয়েছিল। এবার সেই উদ্যোগের পরিধি আরও বাড়িয়ে চার ধাম যাত্রার পরিকল্পনা রাজ্যের।


