Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে সক্রিয় বর্ষা, অন্যদিকে নিম্নচাপের দাপট—জোড়া প্রভাবে(Rain Alert)গত কয়েক দিন ধরেই ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কখনও ঝিরঝিরে, আবার কখনও ঝেঁপে নামছে বৃষ্টি। তবে এবার ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। যদিও শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
ঝাড়খণ্ডের দিকে সরল নিম্নচাপ(Rain Alert)
আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করা নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের দিকে এগিয়েছে। শুক্রবার নিম্নচাপটি রাঁচীর দক্ষিণ-দক্ষিণ-পূর্বে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আগামী দিনে আরও উত্তর-পশ্চিমে সরে গিয়ে এটি শক্তি হারিয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে।

শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা(Rain Alert)
বর্ষাকালীন অক্ষরেখা পঞ্জাব, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। দিঘার উপর দিয়ে সেই অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের কয়েকটি জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি(Rain Alert)
কলকাতাতেও রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
আরও পড়ুন: Howrah: স্বাধীনতা দিবসের আগে আঁটোসাঁটো হাওড়া
উত্তরবঙ্গে আরও কয়েক দিন বৃষ্টি
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির দাপট কমছে না। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। রবিবার ও সোমবার এই দুই জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: Teacher Protest: সেনসাসের চাপে শিক্ষকতা! হাইকোর্টের বিকল্প পরামর্শ?
সমুদ্রে সতর্কতা
নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল রয়েছে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।


