Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: চিনের হাংঝৌতে (ISSF World Cup Hangzhou) চলছে আইএসএসএফ বিশ্বকাপ। সেখানেই বিশ্বসেরা ভারতের শুটাররা। সোমবার মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জয় করলেন এশা সিং। একই ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রোঞ্জ পদক জিতে নিলেন মনু ভাকের। একই ইভেন্টে জয়জয়কার ভারতের।
এশার সোনা জয় (ISSF World Cup Hangzhou)
চলতি বছরের শুরুতে এই ইভেন্টে বিশ্বরেকর্ড গড়েছিলেন এশা। এবার হাংঝৌতেও (ISSF World Cup Hangzhou) সোনা জিতে প্রমাণ করে দিলেন তিনিই সেরা। পুরো ফাইনাল জুড়েই তাঁর নিয়ন্ত্রণ ছিল। ৫০টির মধ্যে ৪০টি সফল হিট করে অনায়াসেই সোনা নিশ্চিত করেন হায়দরাবাদের এই শুটার। তাঁর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ছিলেন চিনের শুটার ঝাং। তাঁকে ৩ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে এশা প্রথম স্থানে উথে আসেন। তাই রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় চিনের ঝাং-কে।
ব্রোঞ্জ মনুর (ISSF World Cup Hangzhou)
এশার পাশাপাশি পোডিয়াম ফিনিশ নিশ্চিত করেন মনু ভাকের। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে উত্তর কোরিয়ার শক্ত প্রতিপক্ষ হিয়ন গিয়ং পাক-এর মুখোমুখি হন তিনি। ম্যাচটি অত্যন্ত রুদ্ধশ্বাস ও রোমাঞ্চকর ছিল। ম্যাচের সঠিক ফলাফল নির্ধারণের জন্য দুই দফা শুট অফের প্রয়োজন হয়। শেষ পর্যন্ত চরম স্নায়ুর লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে ব্রোঞ্জ পদক নিজের ঝুলিতে ভরেন মনু।
আরও পড়ুন: FIH Youth Hockey5s: পাকিস্তানকে হারিয়ে এশিয়ার সেরা ভারত, যুব হকিতে সোনার সাফল্য
পদক তালিকা (ISSF World Cup Hangzhou)
এশা ও মনুর এই জোড়া পদক জয়ের ফলে হাংঝৌ বিশ্বকাপে ভারতের সামগ্রিক পারফরম্যান্স আরও সমৃদ্ধ হলো। এই দুই পদক মিলিয়ে হাংঝৌ বিশ্বকাপে ভারতের মোট পদকসংখ্যা দাঁড়াল তিনটিতে। এর আগে প্রতিযোগিতার শুরুতে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সাইনম রুপো জিতে ভারতের পদক খাতা খুলেছিলেন। এই দুই নতুন পদকের সুবাদে আন্তর্জাতিক পদক তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। অন্যদিকে, আয়োজক দেশ চিন ৬টি সোনা-সহ মোট ১৪টি পদক জিতে শীর্ষস্থান ধরে রেখেছে।



