Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে এসে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। ওই ঘটনার মূল উদ্যোক্তা হিসেবে পরিচিত শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। শনিবারের ঘটনার পর থেকেই ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে, যার জেরে প্রশাসনের উপরও চাপ বাড়তে থাকে।
এক ঝলক মেসিকে দেখার আশায় (Lionel Messi)
দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার কলকাতায় পা রাখেন (Lionel Messi) আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শহরে তাঁর উপস্থিতিকে ঘিরে ছিল একাধিক কর্মসূচি, যার অন্যতম ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শকদের সামনে হাজির হওয়া। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, বাংলার বাইরেও বহু মানুষ কলকাতায় ছুটে আসেন। পুরুলিয়া, কাঁথি, বেঙ্গালুরু, শিলং এমনকী প্রতিবেশী দেশ নেপাল থেকেও ভক্তরা এসেছিলেন শুধুমাত্র এক ঝলক মেসিকে দেখার আশায়।
দৃষ্টির আড়ালে তারকা (Lionel Messi)
কিন্তু মাঠে ঢোকার পর থেকেই শুরু হয় সমস্যা। দর্শকদের অভিযোগ, গ্যালারিতে বসে মেসিকে দেখার সুযোগ প্রায় ছিল না। মাঠের চারপাশে বিপুল সংখ্যক ভিআইপি ও আমন্ত্রিত অতিথি অবস্থান করায় সাধারণ দর্শকদের দৃষ্টির আড়ালে চলে যান তারকা ফুটবলার। অনেকের দাবি, অন্তত ২০ মিনিটের বেশি সময় মেসিকে গ্যালারি থেকে দেখা যায়নি। চড়া দামে টিকিট কেটে এসেও প্রত্যাশা পূরণ না হওয়ায় ধীরে ধীরে ক্ষোভ জমতে থাকে, যা পরে উত্তেজনা ও ভাঙচুরের আকার নেয়। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় যুবভারতী।
উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন
ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিক সম্মেলনে শতদ্রু দত্তের নাম উল্লেখ করেননি। তিনি জানান, মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে এবং দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। ডিজির বক্তব্য অনুযায়ী, অনেক দর্শক ভেবেছিলেন মেসি মাঠে নেমে খেলবেন, আবার অনেকে মনে করছেন তিনি খুব কম সময় মাঠে ছিলেন-এই ভুল বোঝাবুঝি ও হতাশা থেকেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।

আরও পড়ুন: Kunal Ghosh: কিছু মানুষের হ্যাংলামি, অপদার্থ আয়োজক! মেসি প্রসঙ্গে অকপট কুণাল
এফআইআর দায়ের
পরে এডিজি জাভেদ শামিম জানান, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। টিকিটের অর্থ কীভাবে এবং কবে দর্শকদের ফেরত দেওয়া হবে, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে বলে জানান তিনি। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং দর্শকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।


