Last Updated on [modified_date_only] by Sumana Bera
সুকৃতি ভট্টাচার্য, কলকাতা: এনআরএস হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু! নাইট শিফটে মৃত্যু নার্সের। হাসপাতালের (NRS Hospital) শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ আগস্ট রাত ৮টা থেকে এনআরএস হাসপাতালে নাইট ডিউটিতে ছিলেন ৩০ বছর বয়সি এক মহিলা নার্স।
কর্মরত অবস্থায় নিথর দেহ উদ্ধার (NRS Hospital)
কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শৌচালয় থেকে ডিউটিরত তরুণী নার্সের নিথর দেহ উদ্ধার (Nurse)। ঘটনার জেরে হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রের খবর, মৃত নার্সের বয়স আনুমানিক ৩০ বছর। গত ১২ আগস্ট রাত ৮টা নাগাদ এনআরএস হাসপাতালের (NRS Hospital) HDU নাইট শিফটের ডিউটিতে যোগ দেন তিনি। রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ তিনি ৩৩ নম্বর ঘর সংলগ্ন শৌচালয়ে যান।
আরও পড়ুন:Lalbazar Digital: লালবাজারে ডিজিটালে আরও জোর, প্রতি ডিভিশনে তৈরি হবে ডিভিশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো
তবে বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পরও তিনি সেখান থেকে বাইরে না আসায় সহকর্মীদের মনে সন্দেহ জাগে। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মিলেনি। এরপরই সহকর্মীরা শৌচালয়ের দরজার কাছে গিয়ে বারবার ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে সাড়া না পাওয়ায় এবং দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তড়িঘড়ি বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন কর্মরত কর্মীরা। সেখানে মেঝেতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই নার্সকে (Nurse)।
কী কারণে মৃত্যু?
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালের (NRS Hospital) জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এন্টালি থানার পুলিশ এবং কলকাতা পুলিশের ডিডি হোমিসাইড (DD Homicide) টিম। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মৃতদেহে বাইরে থেকে কোনও দৃশ্যমান আঘাতের চিহ্ন মেলেনি, আর না মিলছে কোনও সুইসাইড নোট। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন:Abhishek Banerjee PA: শালবনি জমি মামলায় ফের সিআইডি-র জেরার মুখে সুমিত রায়
আত্মহত্যার ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও গভীর রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা (NRS Hospital)। মৃতার পরিবারের সদস্য এবং নাইট ডিউটিতে উপস্থিত সহকর্মীদের সঙ্গে কথা বলছে পুলিশ। ইনকোয়েস্ট ও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে বলে জানা গেছে।


