Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্ত্তী, শিলিগুড়ি: গতকালই শিলিগুড়ি পুরসভার মেয়র (Siliguri Municipality) পদ থেকে ইস্তফা দিয়েছেন গৌতম দেব। ইস্তফার পর তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি দল ছাড়ছেন না এবং ভবিষ্যতেও তৃণমূল কংগ্রেসের সংগঠনের কাজ করে যাবেন।
ক্ষমতার সমীকরণ নিয়ে জল্পনা! (Siliguri Municipality)
গৌতম দেবের পদত্যাগের পর থেকেই শিলিগুড়ি পুরসভার ক্ষমতার (Siliguri Municipality) সমীকরণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার তৃণমূল কংগ্রেসের ৩৭ জন কাউন্সিলরের মধ্যে ৩৪ জনকে নিয়ে একটি বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, নতুন মেয়র হিসেবে রঞ্জন সরকারের নাম প্রস্তাব করা হবে এবং ডেপুটি মেয়র পদে সঞ্জয় পাঠককে আনার বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। পাশাপাশি বাকি কাউন্সিলরদের নিয়ে পুরসভার প্রশাসনিক কাজ চালিয়ে যাওয়ার রূপরেখাও তৈরি করা হয়।
তবে আইন অনুযায়ী মেয়রের পদত্যাগের সঙ্গে সঙ্গে মেয়রের দ্বারা মনোনীত ডেপুটি মেয়র এবং মেয়র-ইন-কাউন্সিল (এমআইসি)-এর পদও কার্যত বিলুপ্ত হয়ে যায়। ফলে নতুন করে প্রশাসনিক কাঠামো গঠনের প্রয়োজন দেখা দিয়েছে।
রঞ্জন সরকারের বৈঠকের পর থেকেই একাধিক কাউন্সিলর ও প্রাক্তন এমআইসি সদস্যদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। কেউ কেউ আবার কাউন্সিলর পদ থেকে এবং কেউ আবার তৃণমূল দল থেকেও পদত্যাগ করেছেন।
দলীয় অন্দরে মতবিরোধ ও নেতৃত্বের প্রশ্নে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি।
অন্যদিকে, সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী সোমবার শিলিগুড়ি পুরসভার জন্য প্রশাসক নিয়োগ করা হতে পারে। সেক্ষেত্রে আপাতত নির্বাচিত বোর্ডের পরিবর্তে প্রশাসকের হাতেই পুরসভার দায়িত্ব যেতে পারে।
এখন বড় প্রশ্ন, গৌতম দেব কি ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সঙ্গে মতপার্থক্য এবং অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের কারণেই পদত্যাগ করলেন? নাকি রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল ও পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিলেন? যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত গৌতম দেব প্রকাশ্যে কোনও নির্দিষ্ট কারণ জানাননি।
আরও পড়ুন: MLA Dipanjan Chakraborty: ক্ষমতার আঠা উঠে গেলে পতাকা লাগানোর লোক থাকবে না: দীপাঞ্জন চক্রবর্তী
সব মিলিয়ে শিলিগুড়ি পুরসভাকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী কয়েকদিনে দলের নেতৃত্ব এবং রাজ্য সরকারের পদক্ষেপই নির্ধারণ করবে শিলিগুড়ি পুরসভার ভবিষ্যৎ প্রশাসনিক ও রাজনৈতিক দিকনির্দেশনা।


