Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী ১৪ ফেব্রুয়ারি রণজয় ও শ্যামৌপ্তির বিয়ে। ভালোবাসার দিনেই চারহাত এক করার সিদ্ধান্ত যে তাঁদের সম্পর্কের গভীরতাকেই আরও একবার সামনে এনে দিল, তা বলাই বাহুল্য (Ranojoy-Shyamoupti)। জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তের আগে রীতিমতো দিন গুনছেন দু’জনেই। কাছের মানুষ, বন্ধু ও পরিবারের সঙ্গে বিশেষ দিনটি কাটানোর প্রস্তুতিতে ব্যস্ত হবু বর-কনে।

‘সাদা-কালো’ থেকে ‘রঙিন’ প্রেম (Ranojoy-Shyamoupti)
বিয়ের আগে প্রথা মেনেই প্রাক-বিবাহ ফটোশুট সারলেন রণজয় ও শ্যামৌপ্তি। সেই মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তাঁরা। তবে শুধু ছবি বা ভিডিও নয়, এই পোস্টের ভাবনাতেই মুগ্ধ অনুরাগীরা। ভিডিওর প্রথম অংশে দেখা যায় ‘সাদা-কালো পৃথিবী’। একেবারে রেট্রো লুকে ধরা দিয়েছেন তাঁরা, যেন বাংলা সিনেমার স্বর্ণযুগ ফিরে এসেছে। কালজয়ী মহানায়ক উত্তমকুমার ও মহানায়িকা সুচিত্রা সেনের সেই অমর রোম্যান্সকে শ্রদ্ধা জানিয়ে রিক্রিয়েট করা হয়েছে দৃশ্যগুলি। নীরব চোখের ভাষা, সংযত স্পর্শ সব মিলিয়ে একেবারে ক্লাসিক প্রেমের আবহ। এরপরেই ধীরে ধীরে ভিডিও ঢুকে পড়ে ‘রঙিন পৃথিবী’-তে। পাহাড়ের কোলে একই প্রাক-বিবাহ ফটোশুটের অন্য রূপ। প্রকৃতির মাঝে, হাসি-আড্ডা আর খুনসুটিতে ভরা সেই মুহূর্তগুলো যেন তাঁদের বর্তমানের গল্প বলে।
এক লাইনের ক্যাপশনে হাজার অনুভূতি (Ranojoy-Shyamoupti)
ভিডিওর শেষে লেখা ছিল একটিই লাইন, ‘সাদাকালো হোক বা রঙিন, আমরা ছিলাম, আছি, থাকব।’ এই ছোট্ট বাক্যেই যেন তাঁদের সম্পর্কের সারকথা ধরা পড়ে। সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, কিন্তু ভালোবাসা একই থেকেছে এই বার্তাই ছুঁয়ে গেছে অনুরাগীদের মন।

ইন্ডাস্ট্রির শুভেচ্ছা, অনুরাগীদের ভালোবাসা (Ranojoy-Shyamoupti)
হবু তারকাদম্পতির এই পোস্টে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। টলিপাড়ার বহু পরিচিত মুখ তাঁদের আগাম অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি অনুরাগীরাও কম যাননি হাজার হাজার শুভেচ্ছাবার্তা আর ভালোবাসার মন্তব্যে ভরে উঠেছে পোস্ট।
জল্পনার মাঝেও নীরবতা (Ranojoy-Shyamoupti)
রণজয় ও শ্যামৌপ্তি দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন, কিন্তু সেই প্রেম বরাবরই ছিল ব্যক্তিগত পরিসরে। তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা, গুঞ্জন ভেসে বেড়ালেও দু’জনেই ছিলেন ‘স্পিকটি নট’। না স্বীকার, না অস্বীকার—নিজেদের কাজ আর সম্পর্ককেই প্রাধান্য দিয়েছেন তাঁরা।
‘গুড্ডি’ থেকেই শুরু গল্প (Ranojoy-Shyamoupti)
সূত্রের খবর অনুযায়ী, ‘গুড্ডি’ ধারাবাহিকের ফ্লোরেই প্রেমের শুরু রণজয় ও শ্যামৌপ্তির। সেই ধারাবাহিকে ‘অনুওজ’ চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন রণজয়। কাজ করতে করতেই বন্ধুত্ব, আর সেখান থেকেই ধীরে ধীরে ভালোবাসা।

আরও পড়ুন: Anandapur Fire: শুভেন্দুর প্রতিবাদ মিছিলে ডিজের তালে ‘উদ্দাম’ নাচ! পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
কটাক্ষ পেরিয়ে দৃঢ় সম্পর্ক
অসমবয়সী প্রেম নিয়ে কটাক্ষ, কুমন্তব্য সবই শুনতে হয়েছে তাঁদের। কিন্তু সেসব কোনও দিনই প্রভাব ফেলেনি এই জুটির সম্পর্কে। বাইরের শব্দকে উপেক্ষা করে তাঁরা গুরুত্ব দিয়েছেন একে অপরকে, নিজেদের অনুভূতিকে।



