Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বভারতীর ক্যাম্পাসে এক গবেষক পড়ুয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে (Visva Bharati) শুরু হয়েছে জোর বিতর্ক। রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে তৈরি করা একটি রিল ফেসবুকে পোস্ট করেছিলেন ওই ছাত্র। ভিডিওতে তাঁকে হাতে ঝালমুড়ি নিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত করে বিশ্ববিদ্যালয়ের অন্দরেও পরিবর্তনের বার্তা দেন তিনি। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক দানা বাঁধে।
মুচলেকা দেবার নির্দেশ (Visva Bharati)
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ঘটনার পর সংশ্লিষ্ট পড়ুয়াকে ডেকে (Visva Bharati) পাঠানো হয়। বিভাগীয় স্তরে তাঁকে লিখিতভাবে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এ ধরনের পোস্ট না করার মুচলেকা দিতে বলা হয়। নির্দেশ মেনেই তিনি দুঃখপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হয়েছে বিতর্কিত ভিডিওটিও।
অভ্যন্তরীণ বিষয়
বিশ্বভারতী কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তারা কোনও রাজনৈতিক বার্তা বা প্রচারকে সমর্থন করে না। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিকের বক্তব্য, বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ এবং ইতিমধ্যেই সমাধান হয়েছে। এটি কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয় বলেও দাবি করা হয়েছে।
আরও পড়ুন: Mahua Moitra: মহুয়াকে ‘চোর চোর’ স্লোগান, ভাইরাল প্লেনের সেই ভিডিও!
তবে ঘটনাকে কেন্দ্র করে মতভেদও সামনে এসেছে। বিশ্ববিদ্যালয়ের একাংশের প্রশ্ন, অতীতে যখন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত ব্যক্তি বা সংগঠনের উপস্থিতি দেখা গিয়েছে, তখন শুধুমাত্র এক ছাত্রের বিরুদ্ধে এমন পদক্ষেপ কেন? নিয়ম কি সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হচ্ছে? এই প্রশ্ন ঘিরেই এখন চর্চা তুঙ্গে বিশ্বভারতীর অন্দরে।


