Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বজিৎ নস্কর: দক্ষিণ কলকাতার অন্যতম পরিচিত বেসরকারি স্কুল সাউথ পয়েন্ট স্কুলে ক্লাস চলাকালীন সহপাঠীর উপর ছুরিকাঘাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (South Point School)। বুধবার স্কুলের মধ্যেই নবম শ্রেণির দুই ছাত্রের মধ্যে বচসার পর এক ছাত্র অন্যজনকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনায় রক্তাক্ত হয়ে পড়ে আক্রান্ত পড়ুয়া। স্কুলের ভিতরে এমন ঘটনায় নিরাপত্তা এবং পড়ুয়াদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কী নিয়ে বিবাদ? এখনও স্পষ্ট নয় (South Point School)
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুই ছাত্রের মধ্যে কোনও ব্যক্তিগত বিষয় নিয়ে বচসা চলছিল। ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। সেই বচসার মধ্যেই আচমকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে সূত্রের খবর। এরপরই এক ছাত্র অপর ছাত্রের উপর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার পর আক্রান্ত নবম শ্রেণির ছাত্রের শরীর থেকে রক্ত পড়তে শুরু করে। ক্লাসের মধ্যেই এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। শিক্ষক এবং স্কুলকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত ছাত্রকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
প্রথমে ইনফার্মারি, পরে হাসপাতালে (South Point School)
ছুরির আঘাতে জখম ছাত্রকে প্রথমে স্কুলের ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু আঘাতের গুরুত্ব বিবেচনা করে পরে তাকে দক্ষিণ কলকাতার রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুলের শিক্ষক ও কর্মীরাই আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যান বলে জানা গিয়েছে। ঘটনার খবর দেওয়া হয় ছাত্রের বাবা-মাকেও। সন্তানের উপর এমন হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে পরিবারের মধ্যে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় পড়ুয়াকে।
পুলিশে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের (South Point School)
ঘটনার পর বিষয়টি গড়ায় পুলিশের কাছে। গড়িয়াহাট থানায় স্কুল কর্তৃপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার নেপথ্যে ঠিক কী হয়েছিল, দুই ছাত্রের মধ্যে আগে থেকে কোনও বিবাদ ছিল কি না এবং ছুরি স্কুলের ভিতরে কীভাবে এল—সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Delhi Temperature Drop: বৃষ্টি-মেঘে কমল পারদ, দিল্লিতে ২১°! শীত কী এবার আগেই?
আপাতত স্থিতিশীল আহত ছাত্র
স্কুলের তরফে জানানো হয়েছে, আহত পড়ুয়ার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ছাত্র আপাতত স্থিতিশীল। তবে স্কুলের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে, তাও আবার ক্লাস চলাকালীন, ছুরিকাঘাতের মতো ঘটনা অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের উদ্বেগ আরও বাড়িয়েছে।



