Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার এশিয়ান গেমসের সকালে তিরন্দাজি থেকে জোড়া সাফল্য আসার পর বেলায় শুটিং রেঞ্জেও ভারতের জয় (Asian Games 2026)। শুটিংয়ের ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টে ভারতকে সোনা এনে দিলেন নীরু ঢাঁডা এবং কিনান চেনাই। অন্য দিকে, বক্সিংয়ের সেমিফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদকের লড়াইয়ে নিজের জায়গা নিশ্চিত করেছেন লভলিনা বরগোঁহাই।
চাপ কাটিয়ে ইতিহাস (Asian Games 2026)
যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় জুটি চতুর্থ স্থানে শেষ করে ফাইনালে উঠেছিল। তবে মূল লড়াইয়ে তাঁদের আর আটকানো যায়নি। যদিও শুরুটা সহজ ছিল না; ফাইনালের প্রথম দু’টি শটেই লক্ষ্যভ্রষ্ট হন নীরু, এমনকি প্রথম পাঁচটি শটের মধ্যে তিনটিতেই ব্যর্থ হন তিনি। তবে সেখান থেকে এক অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প লেখেন তিনি।
আরও পড়ুন: Pakistani Footballers: পাকিস্তানে ফুটবল খেলোয়াড়দের ওপর হামলা, বালোচিস্তানে বন্দুক উঁচিয়ে ছিনতাই
৩৬ বছর বয়সী অভিজ্ঞ শুটার কিনান চেনাই আগেই তরুণ শুটারদের সঙ্গে নামার উত্তেজনা প্রকাশ করেছিলেন, যা ফাইনালেও স্পষ্ট ধরা পড়ে। ফাইনালে ভারত ৪০-এর মধ্যে ৩৪ স্কোর করে এক নতুন এশিয়ান রেকর্ড গড়ে সোনা জয় করে। তারা ভেঙে দেয় কাতারের করা আগের ৩০ স্কোরের রেকর্ড। এ দিকে, ৩২ স্কোর করে কাতার রৌপ্য এবং ২৩ স্কোর করে চিন ব্রোঞ্জ পদক লাভ করে।
৮ বছরে জোড়া সোনা (Asian Games 2026)
ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার পদে কর্মরত নীরু ঢাঁডার শুটিংয়ে আসার গল্পটা বেশ অনুপ্রেরণাদায়ক। ২০১৮ সালে এশিয়ান গেমসে পদকজয়ী তুতো ভাই লক্ষ্য সেওরানকে দেখেই শুটিং রেঞ্জে তাঁর পথচলা শুরু হয়েছিল। সেই শুরু থেকে আট বছরের মাথায় দেশেকে এশিয়ান গেমসে জোড়া সোনা এনে দিলেন এই প্রতিভাবান শুটার। ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে অভিষেকের পর এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন নীরু। চলতি বছরই প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে ব্যক্তিগত ট্র্যাপে সোনা এবং মিক্সড ট্র্যাপে ব্রোঞ্জ জয়ের পর এশিয়ান গেমসে মঙ্গলবার মহিলাদের একক ট্র্যাপে সোনা পান। বুধবার মিক্সড ইভেন্টেও সেই ফর্ম ধরে রেখে দেশকে উপহার দিলেন আরও একটি সোনা।
রিংয়ে লভলিনার দাপট (Asian Games 2026)
শুটিংয়ের সাফল্যের পাশাপাশি বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন অলিম্পিক পদকজয়ী লভলিনা বরগোঁহাই (Asian Games 2026) । কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের নাতালিয়া বগদানোভাকে পরাজিত করেন তিনি। ম্যাচ শেষে লভলিনা জানান, “প্রথম রাউন্ডে পিছিয়ে পড়ার পর ঠিক করেছিলাম দ্বিতীয় রাউন্ডে নিজের সেরাটা দেব। ১০০ শতাংশ উজাড় করে দিয়েছিলাম।” ফাইনালে চিনের বাও জিইর মুখোমুখি হবেন এই ভারতীয় বক্সার।



