Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফিফা যে ৫২ জন রেফারির তালিকা তৈরি করেছিল, সেই তালিকায় ছিল আফ্রিকার সেরা রেফারি ওমর আব্দুলকাদির আরতানের নাম। সোমালিয়ার প্রথম রেফারি হিসাবে বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন ওমর (Omar Abdulkadir Artan)।
মার্কিন মুলুকে ঢুকতে বাধা রেফারিকে (Omar Abdulkadir Artan)
বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদার সঙ্গে পরিচয় হয়নি এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন আর সেই বিখ্যাত গোয়েন্দা গল্পের অন্যতম চরিত্র লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। ফেলুদার একটি গল্পের নাম অনুকরণে আজকের ফিফা বিশ্বকাপের প্রেক্ষাপটে জটায়ু লিখে ফেলতেন ‘যত কাণ্ড ট্রাম্পল্যান্ডে’। একের পর এক কাণ্ডে বিশ্বে সমালোচিত হচ্ছে মার্কিন নীতি (Omar Abdulkadir Artan)।
নচিকেতার খুব বিখ্যাত একটি গানের নাম ‘রাজশ্রী’ আর সেখানে এই রাজশ্রীর জন্য একের পর এক ঘটনা ঘটছে। যদিও রাজশ্রী এখানে রয়েছে রূপকের বেশে। এই গানেই এক লাইনে বলা হচ্ছে ‘রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়’। এখানে দুর্ঘটনা ঘটল সোমালিয়ায় তবে এর জন্য রাজশ্রী দায়ী নয় বরং দায়ী ট্রাম্প নীতি বা ট্রাম্পল্যান্ড।
বিশ্বকাপ খেলতে আমেরিকায় পৌঁছে দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছে ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেন। তিনি ছাড়াও ১০ ঘন্টার বেশি জেরার মুখে পড়তে হয়েছিল ইরাকের বিশ্বকাপ দলের চিত্রগ্রাহক তালাল শাহকে। তিনি অবশেষে ঢুকতে পারলেও সেখান থেকে ফেরত যেতে হল এক রেফারিকে (Omar Abdulkadir Artan)।

আফ্রিকার অন্যতম সেরা রেফারির নাম ওমর আব্দুলকাদির। আর সেই রেফারিকেই ঢুকতে দেওয়া হল না মার্কিন মুলুকে। অপরাধ তাঁর ‘গুরুতর’, আর সেটা হল তিনি সোমালিয়ার নাগরিক। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ব্ল্যাক লিস্টে রয়েছে সোমালিয়া আর সেই দেশের নাগরিক হয়ে আমেরিকায় পা রাখবেন কেউ সেটা বোধহয় ট্রাম্প প্রশাসনের ইচ্ছে ছিল না। সে যতই হোক না ফুটবল বিশ্বকাপের মত বড় আসর। এবার মার্কিন অভিবাসন নীতির কোপ পড়ল সরাসরি বিশ্বকাপে। বিশ্বকাপে আর রেফারিং করা হল না সোমালিয়ার এই রেফারির।
বিশ্বকাপ পরিচালনার জন্য ফিফা ৫২ জন রেফারির তালিকা তৈরি করেছিল আর সেই তালিকায় ছিলেন সোমালিয়ার রেফারি। ২০২৫ সালে আফ্রিকার সেরা রেফারির পুরস্কার পান তিনি। বিশ্বের অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত তিনি আর সেই পারলেন না মার্কিন মুলুকে পা রাখতে।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী ওমরের কাছে আমেরিকার বৈধ পাসপোর্ট এবং ভিসা ছিল, এর পাশাপাশি ছিল সোমালিয়ার কূটনৈতিক পাসপোর্টও। তাও তাকে মায়ামির বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর এই ঘটনার পরেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনায় ক্ষুদ্ধ সোমালিয়ার প্রাক্তন ফুটবল অধিনায়ক সিসে বলেন, ‘ওমর আরতান আফ্রিকার সবচেয়ে সম্মানীয় রেফারি। গোটা ফুটবল বিশ্বের উচিত ওঁর পাশে দাঁড়ানো। আমেরিকায় ঢুকতে বাধা দেওয়া এবং বিশ্বকাপের ম্যাচ পরিচালনার সুযোগ কেড়ে নেওয়া শুধু তাঁর ব্যক্তিগত ক্ষতি নয়। এটা ফুটবলের ন্যায্যতা, যোগ্যতা এবং ফেয়ার প্লে-র প্রতি অঙ্গীকারকেও ক্ষুণ্ণ করে।’ প্রসঙ্গত আরতান সোমালিয়ার যুব এবং ক্রীড়া মন্ত্রকের অন্যতম প্রধান পরামর্শদাতা হিসেবেও যুক্ত।
আরও পড়ুন: Aabar Hawa Bodol: পুরনো বন্ধুত্ব, নতুন গল্প! ১২ জুন মুক্তি পাচ্ছে ‘আবার হাওয়া বদল’
এর আগে ইরান দলের প্লেয়ার এবং কোচিং স্টাফদের ভিসা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে আমেরিকাকে। আবার তাঁদের এও জানানো হয়েছে ম্যাচ শেষের ২৪ ঘন্টার মধ্যে আমেরিকা ছাড়তে হবে। সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপ শুরুর আগে একাধিক বিতর্কের নাম আমেরিকা। সব শেষে আবার নচিকেতার রাজশ্রী গানের লাইন ধার করে বলবো ‘রাজশ্রী তোমার কথা ক্লিনটন ভাবে আমেরিকায়’ তবে এখন ক্লিনটন নন ট্রাম্প (Omar Abdulkadir Artan)।


