Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপর্ণা ঘোষ: সল্টলেক ও নিউটাউনে জমি (Salt Lake Land Scam), বাড়ি ও ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে শেষপর্যন্ত জালে ধরা পড়ল এক প্রতারক। ধৃতের নাম রবীন দত্ত। বুধবার রাতে কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযোগ, দীর্ঘ সময় ধরে পুলিশি নিষ্ক্রিয়তার পর, নতুন সরকারের আমলে অভিযোগ জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি তৎপরতায় গ্রেফতার হলো অভিযুক্ত।
কীভাবে চলত প্রতারণা চক্র? (Salt Lake Land Scam)
অভিযোগকারী ও স্থানীয় সূত্রে খবর, সল্টলেক এবং নিউটাউনের (Salt Lake Land Scam) মতো অভিজাত এলাকায় জমি ও ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত রবীন দত্ত ও তার সঙ্গী আশিস বিশ্বাস। বিএফ ব্লকের এক বাসিন্দার কাছ থেকে জমি পাইয়ে দেওয়ার নাম করে ৫৪ লক্ষ টাকা এবং ডি এ ব্লকের বাসিন্দা সোনালী মুখার্জির কাছ থেকে ১৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিভিন্ন থানায় তাদের নামে একাধিক অভিযোগ থাকলেও এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগ জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্য (Salt Lake Land Scam)
ঘটনার সূত্রপাত তখন, যখন প্রতারিতরা নিরুপায় হয়ে বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের দ্বারস্থ হন। মন্ত্রীকে পুরো বিষয়টি জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই নড়েচড়ে বসে বিধাননগর উত্তর থানার পুলিশ। দ্রুত তল্লাশি চালিয়ে বুধবার রাতে আমহার্স্ট স্ট্রিট থেকে মূল অভিযুক্ত রবীন দত্তকে পাকড়াও করে পুলিশ। সরকারি এই পদক্ষেপে খুশি প্রতারিত সাধারণ মানুষ।
পলাতক সহযোগী, তদন্তে পুলিশ
পুলিশ সূত্রে খবর, এই প্রতারণা চক্রে রবীন দত্তের সাথে আশিস বিশ্বাস নামে আরও এক ব্যক্তি জড়িত। রবীন গ্রেফতার হলেও বর্তমানে পলাতক আশিস বিশ্বাস। এ বিষয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। ধৃত রবীন দত্তকে আজ বিধাননগর আদালতে পেশ করা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই প্রতারণা চক্রের সাথে আর কারা যুক্ত এবং পলাতক আশিস বিশ্বাসের বর্তমান অবস্থান কোথায়, সেই তথ্য জানার চেষ্টা করছে বিধাননগর উত্তর থানার পুলিশ।


