Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় নাটকীয় মোড়। প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা সুজিত বসু (Sujit Bose)।

আদালতে পেশ করা হয়েছে (Sujit Bose)
সোমবার রাতেই তাঁর মেডিক্যাল টেস্ট সম্পন্ন করার পর, আজ মঙ্গলবার তাঁকে কলকাতার নগর দায়রা আদালতে পেশ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মামলার শুনানি। মঙ্গলবার সকালেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে সুজিত বসুকে আদালতে নিয়ে আসা হয়। ইডি সূত্রে খবর তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য জোরদার সওয়াল করবেন কেন্দ্রীয় সংস্থার আইনজীবীরা।
ইডি সূত্রের জানা যায় (Sujit Bose)
দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন অন্তত ১৫০ জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। অভিযোগ এই নিয়োগের বিনিময়ে মোটা টাকার লেনদেনের পাশাপাশি কোথাও কোথাও জমির বিনিময়েও চাকরি দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে উদ্ধার হওয়া চিরকুট ও নথির সূত্র ধরেই পুর নিয়োগ দুর্নীতির হদিশ পায় ইডি।
আরও পড়ুন: H-1B Visa: H-1B ভিসায় বড় ধাক্কা? ভারতীয় চাকরিপ্রার্থীদের জন্য নতুন বাধা ট্রাম্প প্রশাসনের

গ্রেফতারের পরেই অসুস্থ
অফিস থেকেই সুজিত বসুর সরাসরি যোগসাজশ পাওয়া গেছে বলে কেন্দ্রীয় এজেন্সির দাবি। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সুজিত বসু। দীর্ঘ জেরায় তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগে রাতে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পরেই তিনি কিছুটা অসুস্থ বোধ করেন এবং শ্বাসকষ্টের সমস্যার কথা জানান। এই বিষয়ে আজ সুজিতের আইনজীবী আদালতে জানাবেন বলেই খবর ।



