Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ডার্বির সাফল্যের সৌরভ ফিকে হতে বেশি সময় লাগল না সুপার সিক্সের প্রথম ম্যাচেই (East Bengal CFL)। ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ইউনাইটেড এসসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। যার ফলে কলকাতা ফুটবল লিগের খেতাব জয়ের লড়াইয়ে বড়সড় ধাক্কা খেল লাল-হলুদ বাহিনী। গ্রুপ পর্বের অর্জিত পয়েন্ট সুপার সিক্সে যুক্ত না হওয়ায়, এই ড্রয়ে ইস্টবেঙ্গলের জন্য বাকি পথ আরও কঠিন হয়ে দাঁড়াল। যেখানে মোহনবাগান তাদের আগের ম্যাচে ৫-১ ব্যবধানে জিতেছে এবং একই দিনে ভবানীপুরকে ২-০ গোলে হারিয়েছে মহামেডান, সেখানে পয়েন্ট হারিয়ে বেশ চাপে অর্চিষ্মান বিশ্বাসের দল।
ধাক্কা ও রক্ষণের লড়াই (East Bengal CFL)
লালকমল ভৌমিকের প্রশিক্ষণাধীন ইউনাইটেড এসসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের এই লড়াই যে কঠিন হবে, তা আগে থেকেই অনুমিত ছিল। তার ওপর চাকু মান্ডি, মনোতোষ মাজি কিংবা বিক্রম প্রধানদের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারদের অনুপস্থিতি ইস্টবেঙ্গলের আক্রমণ ও মাঝমাঠকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। ডিফেন্সে অঙ্কন ভট্টাচার্য ও মনোতোষ চাকলাদাররা কোনো বড় ভুল করেননি, আর গোলকিপার গৌরব সাউও পোস্টের নিচে সতর্ক ছিলেন। তবে মাঝমাঠে বলের দখল রাখা এবং আক্রমণ তৈরিতে চাকু ও বিজয় মুর্মুদের অভাব প্রতিটি পদে টের পেয়েছে দল।

ইউনাইটেড কিপারের প্রাচীর (East Bengal CFL)
ডার্বির নায়ক বিলালকে এদিন প্রথম একাদশেই নামিয়েছিলেন কোচ, কিন্তু কেবল গতি ব্যবহার করে ইউনাইটেডের রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। বৃষ্টিতে ভারী হওয়া পিচে অনন্থু ও আকাশ হেমরামরাও ছিলেন নিষ্প্রভ। প্রথমার্ধের ৪০ মিনিটে বিলালের একটি দুর্দান্ত শট বামদিকে ঝাঁপিয়ে পড়ে সেভ করেন ইউনাইটেড গোলকিপার সৌরভ সামন্ত। দ্বিতীয়ার্ধেও একই ছবির পুনরাবৃত্তি ঘটে—ফিনিশিংয়ের অভাবে ভুগতে থাকে ইস্টবেঙ্গল। ম্যাচের শেষলগ্নে বক্সে ভাসানো কয়েকটি ছন্নছাড়া ক্রস সহজেই বিপন্মুক্ত করেন ইউনাইটেড গোলরক্ষক।

কোচের প্রতিক্রিয়া (East Bengal CFL)
ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ অর্চিষ্মান বিশ্বাস দলের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ প্রকাশ করে স্বীকার করে নেন যে, ডার্বি জয়ের পর ফুটবলারদের মধ্যে কিছুটা আত্মতুষ্টি চলে এসেছিল। তবে এখনও দুটি ম্যাচ বাকি থাকায় তিনি লড়াই থেকে সরে দাঁড়াতে নারাজ।
আরও পড়ুন: Sourav Ganguly Mother: হাসপাতালে সৌরভের মা, কেমন আছেন এখন?
মহমেডানের জয় (East Bengal CFL)
অন্যদিকে, দিনের অপর ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে ফারদিন আলি মোল্লা ও ইসরাফিল দেওয়ানের গোলে ভবানীপুরকে ২-০ ব্যবধানে হারিয়েছে মহামেডান স্পোর্টিং (East Bengal CFL)। এই ফলাফলের পর ৩ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে মোহনবাগান এবং সমপরিমাণ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে মহামেডান।



