Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সবুজ ঘাসের গালিচা, ফুটবল পায়ে জয়ের নেশা আর গ্যালারির উন্মাদনা, সবকিছুই নিমেষে স্তব্ধ হয়ে গেল এক আকস্মিক প্রলয়ে (Footballer Death)। প্রবল বর্ষণ উপেক্ষা করে চলা ম্যাচে আকাশ চিরে নেমে এল মৃত্যুর পরোয়ানা। মাঠেই ঢলে পড়লেন ২৪ বছর বয়সি তরুণ ফুটবলার সাফওয়ান আওয়ে। ফুটবলকে ভালোবেসে বাঁচতে চাওয়া এই তরুণের প্রাণ কেড়ে নিল নির্মম বজ্রপাত।
কী ঘটেছিল? (Footballer Death)
দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে যখন টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি চলছিল, ঠিক তখনই খেলা চলাকালীন পেনাল্টি বক্সের কাছাকাছি বিকট শব্দে আছড়ে পড়ে বজ্রপাত। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মাঠে। মাটিতে লুটিয়ে পড়া সাফওয়ানকে বাঁচাতে সতীর্থেরা দ্রুত মাঠেই সিপিআর দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরকালের মতো না ফেরার দেশে চলে যান তিনি। স্থানীয় পুলিশপ্রধান থুন সিরিখুন্ট জানিয়েছেন যে জরুরি চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা করলেও বজ্রপাতে শেষ পর্যন্ত ওই ফুটবলারের মৃত্যু হয়।
সাফওয়ানের কেরিয়ার (Footballer Death)
উইঙ্গার ও ফরোয়ার্ড হিসেবে দারুণ প্রতিভাবান সাফওয়ান (Footballer Death) সম্প্রতি থাই লিগ ৩-এর দক্ষিণাঞ্চলীয় বিভাগের সেমি-পেশাদার ক্লাব এফসি ইয়ালার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ এভাবে নিমেষে মিলিয়ে গেল। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও ১২ জন ফুটবলার আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ২২ বছর বয়সি মালয়েশিয়ার ফুটবলার আলিফ এজ্জাহান জুলকিফলি। বর্তমানে হাসপাতালে সকলের চিকিৎসা চলছে। তরুণ খেলোয়াড়ের এই আকস্মিক প্রয়াণে সোশাল মিডিয়ায় শোকবার্তা জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
আরও পড়ুন: MSC President: মহামেডানের সভাপতি পদ খোয়ালেন হুমায়ুন কবীর, নতুন সভাপতি গজল জাফর
প্রকৃতির এক নির্মম খেলায় থামিয়ে দিতে হলো একটি তাজা প্রাণ। ফুটবল জাদুকরের এমন অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছে না তাঁর পরিবার ও সতীর্থরা। গোলপোস্টের সবুজ মাঠ আজ কেবলই শূন্যতা আর অন্তহীন কান্নার সাক্ষী।



